যশোরের তুলারামপুরে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার মো. নাহিদকে পরিকল্পিতভাবে চাপা দিয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত ট্রাক উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্র করে নাহিদ ও ট্রাকচালক সুজাতের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিল। শনিবার (২৮ মার্চ) গভীর রাতে তুলারামপুর ইউনিয়নের রেল ব্রিজ সংলগ্ন এলাকায় নাহিদ মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তাকে লক্ষ্য করে ট্রাক চাপা দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকচালক দ্রুত পালিয়ে যান।
রোববার (২৯ মার্চ) দুপুরে বেনাপোল পৌর ট্রাক টার্মিনাল থেকে নড়াইল ডিবি পুলিশ, যশোর ডিবি পুলিশ এবং বেনাপোল পোর্ট থানা পুলিশের যৌথ অভিযানে ট্রাকটি উদ্ধার করা হয়। বিকাল সাড়ে ৩টার দিকে ট্রাকটি নাভারণ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো ট্রাকচালক বা হেলপারের সন্ধান পাওয়া যায়নি।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন সাংবাদিকদের বলেন, “ঘাতক ট্রাক উদ্ধার করা হয়েছে। তবে চালক বা হেলপারকে এখনো আটক করা যায়নি। আমরা দ্রুত তাদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছি।”
প্রাথমিক তদন্ত অনুযায়ী, এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং পূর্বনির্ধারিত বলে ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেফতারের জন্য তৎপর।
