শরীয়তপুর সদরে নিখোঁজের প্রায় তিন সপ্তাহ পর একটি পুরাতন কবর থেকে মন্টু বেপারী ওরফে মনু বেপারী (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চরচটাং এলাকায় একটি পুরনো কবরের পাশে মাটি অস্বাভাবিকভাবে উঁচু দেখা গেলে সন্দেহ তৈরি হয়। পরে মাটি খুঁড়ে গামছা ও চাদরে মোড়ানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
নিহত মন্টু বেপারী ওই এলাকার মৃত সোনাই বেপারীর ছেলে। প্রায় ২৩ দিন আগে তিনি নিখোঁজ হন। বিষয়টি নিশ্চিত করতে তার বোন মিনারা বেগম নিখোঁজের ২০ দিন পর পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মন্টু বেপারীর পারিবারিক জীবনে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। পরবর্তীতে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে পারিবারিক জটিলতা ও আদালতে মামলা চলমান ছিল বলে পরিবারের সদস্যরা জানান। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহতের মেয়ে মিম আক্তার অভিযোগ করে বলেন, পারিবারিক বিরোধ ও অর্থসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে।
অন্যদিকে নিহতের বোন মিনারা বেগম বলেন, নিখোঁজের পর বারবার পুলিশকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
আংগারিয়া পুলিশ ফাঁড়ির এসআই সুধাংশু জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রাথমিকভাবে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ঘটনাটি রহস্যজনক। তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
