খুলনার দৌলতপুর থানা এলাকায় সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে যুবদল নেতা রাশিকুল আনাম রাশু (৩৮) কে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহত রাশু দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার শরীফুল আনামের ছেলে। তিনি দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে থানা যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রাশু সোমবার সকালে কেডিএ কল্পতরু মার্কেটের পাশে তার ইট-বালুর ব্যবসা প্রতিষ্ঠান এ অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি তার মাথায় লেগে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলির শব্দে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে রাশুকে রক্তাক্ত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আশরাফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার কারণ উদঘাটন এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য কাজ চলছে।
