যশোরে এক ভেটেরিনারি ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) ভুক্তভোগীর স্ত্রী রেশমা খাতুন যশোর কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, জাহাঙ্গীর আলম (৪৮) নামে ব্যবসায়ীকে সোমবার রাতে অপহরণ করা হয়।
ভুক্তভোগী পরিবার জানায়, জাহাঙ্গীর আলম তার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে খোলাডাঙ্গা কদমতলা এলাকায় বসবাস করেন। তিনি শহরের শংকরপুরে সরকারি ভেটেরিনারি হাসপাতালের পাশে ‘আরআর মেডিকেল’ নামে ভেটেরিনারি ওষুধের ব্যবসা পরিচালনা করেন।
থানায় দেওয়া অভিযোগে বলা হয়েছে, সোমবার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রায়পাড়া পীরবাড়ি মোড়ে কিছু ব্যক্তি একটি সাদা প্রাইভেটকারে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে জাহাঙ্গীরের ব্যবহৃত ফোন নম্বর থেকে রাত ১০টার দিকে তার স্ত্রীর কাছে কল আসে এবং মুক্তিপণ হিসেবে এক কোটি টাকা দাবি করা হয়। ফোনে হুমকি দেওয়া হয়, টাকা না দিলে তাকে হত্যা করা হবে। এরপর থেকে তার ফোন বন্ধ রয়েছে।
রেশমা খাতুন বলেন, “সপ্তাহের বিভিন্ন দিনে আমার স্বামী দোকান বন্ধ করে রাতের সময় বাড়ি ফিরেন। সোমবারও তিনি ইফতার ও তারাবিহ শেষে বাড়ি ফেরার পথে অপহৃত হন। অপহরণের সময় ছয় থেকে সাতজন অস্ত্র হাতে উপস্থিত ছিল এবং তার মোটরসাইকেলও নিয়ে যায়।”
তিনি আরও জানান, ব্যবসার সঙ্গে জড়িত পূর্ব বিরোধও এই ঘটনার কারণ হতে পারে। পাশের একটি ভেটেরিনারি দোকান মালিকের সঙ্গে দফারফা থেকে বিরোধ দেখা দিয়েছে এবং এর আগে শারীরিক হামলার চেষ্টা হওয়ায় তারা আশঙ্কিত।
যশোর কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের জন্য তৎপর এবং দ্রুত উদ্ধার করতে চেষ্টা চালাচ্ছে।
