যশোরে চলন্ত একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সৌভাগ্যক্রমে বাসের চালক ও যাত্রীরা দ্রুত বাইরে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
ঘটনা শুক্রবার (২৭ মার্চ) বিকাল ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের যশোর সদর উপজেলার দাইতলা এলাকায় ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মতে, যশোর থেকে ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহণের বাসটি যাত্রা শুরুর আগে গ্যাস পাইপলাইনে লিকেজ শনাক্ত হয়। বাসটি মেরামতের পর রওনা দিলে দাইতলা এলাকায় পৌঁছার পর পুনরায় সমস্যা দেখা দেয় এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চোখের পলকে বাসটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। আতঙ্কিত যাত্রীরা দরজা ও জানালা দিয়ে দ্রুত নেমে পড়েন। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও আগুন নিয়ন্ত্রণে আসে, তবুও বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
যশোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছি। কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি এবং গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”
যশোর সদর উপজেলার চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, “অগ্নিকাণ্ডের ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল ইসলাম জানান, “বাসটি যশোর ছাড়ার আগে চালক মালিকদের বাসের ত্রুটি সম্পর্কে জানিয়েছিলেন। তবুও মালিকদের জোরাজুরি এবং যাত্রার জন্য বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে।”
