ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য্য সম্প্রতি বাংলাদেশের খুলনা ও যশোর অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন। এ মন্তব্যকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
রোববার (২৯ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, এই মন্তব্য উগ্র, অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক নীতি ও প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি আঘাত হিসেবে ধরা হবে। তিনি বলেন, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি হুমকি এবং উগ্র মানসিকতার প্রকাশ।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ভারতের সামরিক কার্যক্রম, স্যাটেলাইট পর্যবেক্ষণ এবং ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে সীমান্তবর্তী জনগণের মধ্যে আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি হচ্ছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি যেকোনো হস্তক্ষেপ বাংলাদেশ জনগণ কখনোই সহ্য করবে না।” তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ সরকার যথাযথ কূটনৈতিক ও আইনি ব্যবস্থা গ্রহণে কোনো দ্বিধা করবে না।
তিনি ভারতের রাজনৈতিক নেতৃত্বের প্রতি আহ্বান জানান, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে আন্তর্জাতিক আইন ও নীতি মেনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করা জরুরি। এছাড়াও শমীক ভট্টাচার্য্যকে তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহারের আহ্বান জানান।
