পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাচারীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল মোল্লা (৪৭) ওই এলাকার বাসিন্দা। ঘটনায় অভিযুক্ত তার চাচাতো ভাই দুলাল মোল্লা (৩৫) কে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল মোল্লা দীর্ঘদিন ধরে তার বাবা কাঞ্চন মোল্লার সঙ্গে অসদাচরণ করে আসছিল। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে স্থানীয় ইউপি সদস্যের কাছে অভিযোগ করা হয়।
এ প্রেক্ষিতে ইউপি সদস্য মিজানুর দেওয়ান মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষকে ডেকে পারিবারিক বিরোধ মীমাংসার উদ্যোগ নেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতার নির্দেশ দেন। অন্যথায় পরবর্তীতে বিচার বসানোর কথাও জানান।
এর কিছুক্ষণ পর রাত ৯টার দিকে শহিদুল মোল্লা বাড়ি ফেরার পথে দুলাল মোল্লা পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. সৈয়দুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
