সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেছে Border Guard Bangladesh (বিজিবি)। উদ্ধারকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৫৭ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতভর গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় গরু, মহিষ, জিরা, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, নোয়াকোট, কালাসাদেক, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, শ্রীপুর ও মিনাটিলা বিওপি (বর্ডার আউটপোস্ট) এর সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক নাজমুল হক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত মালামালের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
